ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিল আত্মসাতের অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ

বিল আত্মসাতের অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ
×
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:০২

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাব-ঠিকাদার ও নির্মাণশ্রমিকরা। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং ও এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পাওনা অর্থ আটকে রাখার অভিযোগ তুলেছেন তারা। 
এই অভিযোগ অস্বীকার করে মূল ঠিকাদার উল্টো সাব-ঠিকাদারের কাছে ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্বসদরদী গ্রামে অবস্থিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত শ্রমিকসহ স্থানীয়রা অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৩ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) সূত্রে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেন স্থানীয় সাব-ঠিকাদার মো. রাহাত হাসান মিয়া। কাজ শেষ হলেও নির্মাণকাজের প্রায় ২ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকা বকেয়া না দিয়ে তা আটকে রাখা হয়েছে।

বক্তাদের অভিযোগ, আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা এস এ এম মিজানুর রহমান পান্নাসহ একটি পক্ষ যোগসাজশ করে সাব-ঠিকাদার ও সাধারণ শ্রমিকদের এই বিপুল পরিমাণ পাওনা টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছেন। অনতিবিলম্বে আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব দাখিল ও বকেয়া অর্থ পরিশোধ করা না হলে কঠোর আইনি পদক্ষেপ এবং আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, প্রকল্প ম্যানেজার কামরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি পান্না মিয়া, হাবিবুর রহমান, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান সমস্ত দাবি বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কারও টাকা আত্মসাৎ করিনি। বরং হিসাব অনুযায়ী সাব-ঠিকাদার রাহাত মিয়ার কাছে আমার প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে। এ-সংক্রান্ত হিসাবপত্র ইতোমধ্যে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।’
এদিকে ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান পান্না জানান, তাঁর বিরুদ্ধে সাব-ঠিকাদার রাহাতের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজের ওপর আনা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×