ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত
×
×

ছবি: সমকাল

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১২:২৭

নড়াইল সদর উপজেলায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তা রানী সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গণেশ সরকারের স্ত্রী। পেশায় রংমিস্ত্রি মুক্তা রানী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজ করতে যাচ্ছিলেন মুক্তা রানী। গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তারা মুশুড়িয়ার দিকে রওনা হন। পথে গোবরা মিত্র কলেজের সামনে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×