ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাসপোর্ট সেবা নিয়ে এমপির অসন্তোষ

চাঁদপুর পাসপোর্ট অফিস থেকে তিন দালাল আটক

পাসপোর্ট সেবা নিয়ে এমপির অসন্তোষ
×
×

ছবি- সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১২:৩৩

দালাল ও দুর্নীতিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিন দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঢুকে সংসদ সদস্য দেখতে পান কাজ ফেলে সেবাপ্রত্যাশী লোকজনকে দাঁড় করে রেখে মোবাইল ফোন টিপছেন এক কম্পিউটার অপারেটর। পুরোনো কাগজপত্র যেগুলো দ্রুত পাঠানো দরকার সেসব স্তূপ হয়ে আছে। এ ছাড়া ভুক্তভোগী কয়েকজন তাঁর কাছে ভোগান্তির অভিযোগ তুলে ধরেন।

সংসদ সদস্য গতকাল ওই অফিসে গিয়ে উপপরিচালক কিংবা সহকারী পরিচালক কাউকে পাননি। অফিসের প্রধান হিসাবরক্ষক উত্তম কুমার জানান, উপপরিচালক পদে যিনি ছিলেন তিনি বদলি হয়ে গেছেন। সহকারী পরিচালক বজলুর রশিদ ছুটিতে আছেন।

পুরো অফিসের ঊর্ধ্বতনের দায়িত্বে রয়েছেন হিসাবরক্ষক উত্তম কুমার। তাঁর উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘আপনাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এখানে দালাল সিন্ডিকেট আছে, যারা আপনাদের ছত্রছায়ায় থাকে। আমার কাছে আপনাদের নামে পাহাড় পরিমাণ অভিযোগ সাধারণ মানুষের, যারা পাসপোর্ট করতে এসে ভোগান্তির শিকার হন। তাদের উৎকোচ দিতে হয়।’ 

পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, ‘এই পাসপোর্ট অফিসের পরিবেশ খুবই খারাপ। আপনারা (সাংবাদিক) মাঝে মধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালাল মুক্ত হিসেবে দেখতে চাই।’

আরও পড়ুন

×