জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৯:১৯
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে ২ মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয়কে (২৩) গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, হামলার ঘটনায় একটি মামলা করা হয়। পরে সদর থানা পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ মিলে ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৮ পিস ইয়াবাসহ আনিসুর রহমান ও শিমলা আক্তার নামে ২ মাদক কারবারিকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই কয়েকজন দেশীয় অস্ত্র, রামদা নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করে। গ্রেপ্তার আসামিরা পুলিশ বক্সে ছিল। তারা ওই রুমে হামলা করে আনিস ও শিমলাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক খান বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। এতে ওই দুইজন পুলিশ সদস্য আহত হয়।
- বিষয় :
- হামলা
- মাদক কারবারি
- গাজীপুর