কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত
কমিটি দ্বন্দ্বে গাড়ি ভাঙচুরে দুই সদস্যের তদন্ত কমিটি
ফাইল ফটো
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২১:২৮
জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে কমিটির আমিরকেও তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কুমিল্লা মহানগর শাখা কার্যালয়ে বুধবারের সংঘটিত ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখা কার্যালয়ে বুধবার সংঘটিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে। কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এদিকে, বুধবারের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এ কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াত আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে জানতে শুক্রবার রাতে দলটির সদ্য বিলুপ্ত কুমিল্লা মহানগর কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এরই মধ্যে জানতে পেরেছি। এখন থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে, এখানে দলের কার্যক্রম চলবে।’
প্রসঙ্গত, বুধবার রাতে কুমিল্লা নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসে দলটির কুমিল্লা মহানগর আমির নির্বাচনের প্রস্তুতি সভার সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দলের কার্যালয়ের সামনে রাখা মহানগর সেক্রেটারি মো. মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- কমিটি
- অব্যাহতি