ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুই বোনের

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুই বোনের
×
×

প্রতীকী ছবি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০০:০৪

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত দুই বোন হলো আসাদনগর গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯) ও সানিয়া আক্তার (৭)। সামিয়া আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং সানিয়া প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তাদের বাবা বিল্লাল হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাদের চাচা মো. ইয়াসিন মিয়া।

গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ঘাটলায় গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে অসাবধানতাবশত ছোট বোন সানিয়া পানিতে তলিয়ে যায়। ছোট বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে এগিয়ে যায় বড় বোন সামিয়া। পরে দুই বোনই পানিতে তলিয়ে যায়। এরপর প্রায় দুই ঘণ্টা পর প্রথমে ছোট বোনের মরদেহ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করতে এসে বড় বোন সামিয়াকেও খুঁজতে থাকে। পরে প্রায় আধা ঘণ্টার পর বড় বোন সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই বোনের চাচা মো. ইয়াসিন বলেন, ‘‘শুক্রবার দুপুরে গোসল করতে যাওয়ার আগে তারা দাদিকে বলেছিল, ‘দাদি, আমাদের গোসল করিয়ে দাও।’ দাদি তাদের গোসল করিয়ে দেওয়ার কথা বললেও তারা তার কথা না শুনে নিজেরাই বাড়ির পুকুরের ঘাটলায় যায়। সেখানে প্রথমে ছোট বোন সানিয়া পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে বড় বোন সামিয়া পানিতে নামে। একপর্যায়ে দুই বোনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।’’

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর সংবাদ কর্মীদের মাধ্যমে পেয়েছি। তবে এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×