জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, লাঠিপেটা
জঙ্গল সলিমপুর। ফাইল ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০০:৫৮
সরকারি স্থাপনা নির্মাণের জন্য উচ্ছেদ করা হতে পারে– এমন আশঙ্কায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গতকাল শুক্রবার বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-বিজিবির বাগ্বিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুরে সামাজিক মাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের সামনে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রতিবাদ জানাতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ভিডিওতে লিফলেট হাতে একদল বাসিন্দাকে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাদের বলতে শোনা যায়– ‘নিজের টাকা দিয়ে জায়গা কিনেছি, সেই জায়গা ফেরত চাই।’
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল জুমার নামাজের পর জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করতে যান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। খবর পেয়ে সেখানে নারীসহ স্থানীয় বাসিন্দারা আগেভাগেই জড়ো হন। তাদের হাতে ছিল লিফলেট।
স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তাদের জমি ও বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। নিজেদের টাকায় কেনা জমির মালিকানা ও বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণের প্রয়োজন হলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
আরেক বাসিন্দা রহমত আলী বলেন, ‘আমরা কষ্টের টাকা দিয়ে জমি কিনেছি। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। এখন পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের কথা শুনে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা উন্নয়নের বিপক্ষে নই, তবে আমাদের যেন পথে বসতে না হয়।’
এসপি মো. মাসুদ আলম বলেন, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, সরকারি স্থাপনা নির্মাণের জন্য তাদের উচ্ছেদ করা হবে। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। আর খাসজমির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে, তাদের জোর করে উচ্ছেদ করা হবে না।
- বিষয় :
- জঙ্গল সলিমপুর