রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে: পানিসম্পদমন্ত্রী
ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০২:০৯
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। জীবনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা আদায় করে সম্মান নিয়ে সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।’
গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার শাঁখারীপাড়ায় ত্রিনয়নী পৌর মহাশ্মশান ঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের ভূমিকা নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সরকারি দলের যেমন নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার আছে, বিরোধী দলেরও তেমন দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। যেদিন আমরা শপথ নিয়েছি, দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করছে, সেটাও বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে, কেন রোডমার্চ করতে হবে?’
তিনি আরও বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছে। হরতাল-অবরোধ করে শান্তিতে থাকতে না দেওয়া এবং দেশ অচল করে দেওয়ার কথা যারা বলত, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে একই।’
রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, এজন্য আমাদের খুব সজাগ ও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক যুদ্ধ যেন আর করতে না হয়, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন জীবনযুদ্ধের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারি।
দুর্গাপূজা উদ্যাপন প্রসঙ্গে মন্ত্রী জানান, ত্রিনয়নী পূজামণ্ডপের আয়োজকেরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের আমন্ত্রণে তিনি আনন্দিত। দুর্গাপূজার অন্যান্য দিনেও লক্ষ্মীপুর পৌরসভা ও মান্দারী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের চেষ্টা করবেন।
হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সরকারি দলে থাকলেও আপনাদের পাশে ছিলাম, বিরোধী দলে অত্যাচার-নির্যাতন সহ্য করেও আপনাদের পাশে ছিলাম। কখনো পিছপা হইনি।
বিগত নির্বাচনে সহযোগিতার কথা স্মরণ করে এ্যানি বলেন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও তারা তাকে সহযোগিতা করেছিলেন। তাদের প্রতি তার আস্থা রয়েছে। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।
- বিষয় :
- শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
- বিএনপি