ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপে শঙ্খধ্বনির প্রতিযোগিতা

পূজামণ্ডপে শঙ্খধ্বনির প্রতিযোগিতা
×
×

নারায়ণগঞ্জের আমলাপাড়া দুর্গামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছেন এক তরুণী সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:১১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১১:১৫

| প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপে শতাধিক তরুণী ও নারী অংশগ্রহণ করেন। বিচারকদের মূল্যায়নে দুই গ্রুপ থেকে ছয়জনকে পুরস্কৃত করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে মহাষষ্ঠীতে গতকাল শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণের এ আয়োজন করে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ ও নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর নেতারা।

‎পুরস্কার বিতরণকালে প্রতিযোগিতার আয়োজক ও প্রধান অতিথি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের নারায়ণগঞ্জে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির ৫০০ বছরের ইতিহাস রয়েছে। এই বন্ধনকে আরও দৃঢ় করা জন্য আমাদের এই উদ্যেগ। তিনি আরও বলেন, বিএনপি সরকার একমাত্র হিন্দু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে এখানে এসেছি আপনাদের শুভেচ্ছা জানাতে। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি থাকবে আগামী দুর্গাপূজায় নারায়ণগঞ্জ পরিদর্শনে আসার জন্য।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জৈনুদ্দিন আহম্মেদ বাচ্চু, অভয় রায়, প্রদীপ কুমার সাহা মন্টু, বিশ্বজিৎ সাহা, বুড়ান মুখার্জী প্রমুখ।
আজ শনিবার সপ্তমীর দিনে নগরীর গলাচিপা কুড়িপাড়া মণ্ডপেও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর ১০টি স্থানে টিম খোরশেদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন

×