ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা, ছেলে-মেয়েসহ নিহত ৫

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা, ছেলে-মেয়েসহ নিহত ৫
×
×

ছবি: সমকাল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৭:৩১

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার ছেলে ও মেয়ে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা এলাকার রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪০), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা আক্তার (৭)। এ ছাড়া লিপি বেগমের বড় বোন এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদশার মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০) ও অটোরিকশার চালক (অজ্ঞাত) নিহত হয়েছেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রৌমারী শহর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল মালবোঝাই একটি ট্রাক। পথে সায়েদাবাদ বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×