ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক

রংপুর বিভাগে চ্যাম্পিয়ন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

রংপুর বিভাগে চ্যাম্পিয়ন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×
×

বিচারকদের সঙ্গে বিতার্কিকরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২১:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২১:৫১

দিনব্যাপী তার্কিকদের তীব্র কথার লড়াই চলে। এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়। যুক্তি-পাল্টা যুক্তি, যুক্তি খণ্ডন সব মিলে এক চমৎকার দিন কেটেছে রংপুর বিভাগীয় বিতর্ক উৎসবের ভেন্যু রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধুমঞ্জুরী মিলনায়তনে আগত বিতার্কিক, বিচারক ও অতিথিগণের। সব শেষে বিচারকদের রায়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় রংপুর বিভাগে সেরাদের সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তারা এখন সরাসরি জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেল। রানারআপ হয়েছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার রংপুর বিভাগীয় বিতর্ক উৎসবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতার্কিকদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আশরাফী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকালের রংপুর জেলা সমন্বয়কারী ও মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোনা। সহায়তায় ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহফুজার রহমান, কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রতিনিধি রিয়াদ বাবু, রংপুর সুহৃদ সমাবেশের সদস্য মুজিবুল ইসলাম মিঠু, মাহমুদুল হাসান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৯টায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পরপরই বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিতর্ক উৎসব। 

মডারেটর হিসেবে ছিলেন মো. হামীম। বিচারকের দায়িত্ব পালন করেন শেখ ফরিদ অভি, মুশফিকা জাফরিন, সানজিদা ইসলাম ও স্বাধীন মিয়া।

বিতর্ক উৎসবে রংপুর বিভাগের ৮ জেলার চ্যাম্পিয়ন দল প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হলো—রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার সৈয়দপুর আল ফারুক একাডেমি, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, কুড়িগ্রামের বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

চ্যাম্পিয়ন দল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেরা বক্তা তাসফিয়া তাফান্নুমকে ক্রেস্ট দিচ্ছেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম

সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের তাসফিয়া তাফান্নুম। তার দলে ছিল—জাকিয়া জারিন জ্যোতি ও ফাইজা আফরিন। রানারআপ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলে ছিল—ফাবিহা জারিন নূহা, মুজতানিবা ফায়রুজ আরবা ও ইশরাত জাহান।

আরও পড়ুন

×