সাভারে ৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্রীর
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:২৫
সাভারে নিখোঁজের পর ৭ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর। গত রোববার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর বাবা সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে সে নিখোঁজ হয়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
মেয়ের খোঁজ নিতে মাদ্রাসায় গেলে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বাবা। ওই ছাত্রীর বাবা বলেন, গত বৃহস্পতিবার মেয়ের খোঁজ নিতে আমি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাই। এ সময় মেয়ের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে আমাদের মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের নিখোঁজের ঘটনায় গত রোববার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের সময় ছাত্রীর পরনে মাদ্রাসার পোশাক ছিল।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে ছাত্রী নিখোঁজের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য আনতে গেলে ‘মাদ্রাসায় কর্তৃপক্ষের কেউ নেই’ বলে জানান নিরাপত্তারক্ষী আবু বক্কর।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
- বিষয় :
- সাভার
- নিখোঁজ
- মাদ্রাসাছাত্রী