বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক
রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন জয়পুরহাটের পাঁচবিবি নাছির মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয়
বিতার্কিক, অতিথি ও আয়োজকবৃন্দ। ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:৫৫
রাজশাহীতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিভাগের ৮ জেলার চ্যাম্পিয়নদের দিনভর বিতর্ক অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাটের পাঁচবিবি নাছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের ১২তম আসরের পাওয়ার স্পনসর (পাওয়ার্ড বাই) হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজশাহী কলেজে রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগের আট জেলার জয়ী দলগুলোর যুক্তি-পাল্টা যুক্তিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়পুরহাটের পাঁচবিবি নাছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রানারআপ দলের মিফতাউল হক। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলায় জয়ী দলগুলো অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানারআপ ছাড়া অংশ নেওয়া অন্য দলগুলো হলো—নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি, বগুড়া জিলা স্কুল, সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় ও পাবনা জিলা স্কুল।
দিনের শুরুতে নির্ধারিত সময়ের আগে থেকেই খুদে বিতার্কিকরা জড়ো হয় রাজশাহী কলেজ প্রাঙ্গণে। সকাল ১০টায় বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তিশা প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা যায় না: ভূমিমন্ত্রী
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বর্তমানে কিছু কল্পনা করা যায় না। তবে এর নেতিবাচক দিকও রয়েছে। তাই বিজ্ঞানকে ভালো কাজে ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সমকালের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতেও চালু রাখতে সমকাল পরিবারকে ধন্যবাদ জানান ভূমিমন্ত্রী।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপমহাপুলিশ পরিদর্শক) মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোছা. তাছলিমা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ড. আমিরুল ইসলাম কনক এবং রাবির মনোবিজ্ঞান বিভাগের ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।
সভায় অতিথিরা বলেন, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বিতর্ক অনুষ্ঠানে বিচারক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম কনক, অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তিশা, সুহৃদ রুবাইয়া জান্নাত বৃষ্টি, রোহানা হক সেতু, সুমিত হাসান, সৈকত হাসান, আবু নাঈম, জুবায়ের আহমেদ, প্রিয়া খানম, জারাফা আলম, আমেনা খাতুন।
অনুষ্ঠানে সমকালের নাটোর সংবাদদাতা কামরুল ইসলাম, চারঘাট প্রতিনিধি সনি আজাদ, লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, রাবি সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. খালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।