ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মদের বোতল হাতে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নাচ, ভিডিও ভাইরাল

মদের বোতল হাতে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নাচ, ভিডিও ভাইরাল
×
×

ফাইল ছবি

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০০:২২

নাটোরের বড়াইগ্রামের চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে মাঠে গান বাজিয়ে নাচানাচি করতে দেখা যায়। শনিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টার দিকে ছুটির পর শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে আনন্দ-উল্লাস করছিল। এ সময় নিরব, ইউনুছ ও মিতু নামে তিন শিক্ষার্থী গানের সঙ্গে নাচার সময় মদের বোতল হাতে অভিনয় করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থী ৬০ জন। তাদের মধ্যে ছাত্র ২১ জন ও ছাত্রী ৩৯ জন। ঘটনাটি পরে জানতে পেরেছেন তিনি। শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন

×