অপ্রতিম হত্যা মামলার চার্জশিট এক সপ্তাহের মধ্যেই: পুলিশ সুপার
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০০:৪৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তাঁর ভাষ্য, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে লালমাই পাহাড়ে নিয়ে হত্যা করা হয়।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আসামিদের জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মামলার অভিযোগপত্র তৈরির কাজও অনেকটা শেষ হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিন তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মুঠোফোনের সূত্র ধরে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের সদস্য সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে (১৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জড়িত সন্দেহে মো. সিয়াম (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিয়াম ছাড়া গ্রেপ্তার অন্য তিন আসামি কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্য দুই আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- হত্যা
- পুলিশ সুপার