ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০১:৩৭
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সুযোগ না পেলে দেশের অস্তিত্ব সংকট দেখা দিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অতীতের বক্তব্য বাস্তবে প্রমাণিত হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলার মন্ত্রী-এমপিদের সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরাই ঘটিয়েছেন। এসব অপকর্মের দায় অন্যের ওপর চাপিয়ে বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন তাঁরা।
দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৎকালীন সরকারের দূরদর্শী পরিকল্পনা ছিল না। নতুন গ্যাসকূপ খননেরও কোনো প্রস্তুতি ছিল না। এর মাশুল এখন দেশবাসীকে দিতে হচ্ছে। এ কারণে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আজিজুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- জামালপুর-২
- বিমানমন্ত্রী
- শেখ হাসিনা