ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়েটে অচলাবস্থা নিয়ে সিন্ডিকেট সভা

পরামর্শক কমিটি গঠনে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত

পরামর্শক কমিটি গঠনে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত
×
×

ফাইল ছবি

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০২:০৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের কারণে সৃষ্টি হওয়া অচলাবস্থা নিরসনে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় ছয়জন সিন্ডিকেট সদস্য অংশ নেন। তবে চুয়েটের কোনো সদস্য এতে অংশ নেননি।

সভায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া ও সেশনজটের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত শিক্ষা কার্যক্রমে ফেরার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা আয়োজন এবং স্থায়ী সমাধানে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

এদিকে পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের উত্তাপ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় ফাঁকা হয়ে পড়েছে আবাসিক হলগুলো। বর্তমানে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী হলে অবস্থান করছেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। গত ১২ অক্টোবর ক্যাম্পাসে প্রবেশের পর তাঁকে অবরুদ্ধ করা হয়। পরদিন তাঁকে ক্যাম্পাস থেকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৬ অক্টোবর হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন তিনি।

আরও পড়ুন

×