ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রিসোর্টে আগুন

নিখোঁজ যশোরের একই পরিবারের চারজন

নিখোঁজ যশোরের একই পরিবারের চারজন
×
×

নাহিদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা

যশোর অফিস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০২:৩৪

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের দুই শিশুসন্তান। স্বজনদের আশঙ্কা, আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে তাঁরাও থাকতে পারেন। তবে শনিবার রাত ১২টা পর্যন্ত তাঁদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। 

নাহিদুর ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত। পরিবার নিয়ে তিনি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করতেন। অগ্নিকাণ্ডের খবর জানার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজন ও সহকর্মীরা।

নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, নাহিদুর ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টটির একটি কক্ষ বুকিং দিয়েছিলেন। ১৮ অক্টোবর দুপুর ১টায় তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। গত ১১ অক্টোবর বুকিং দেওয়া হয়েছিল বলে বিলের কপিতে দেখা গেছে।

জাহিদুর বলেন, শুক্রবার কক্সবাজার যাওয়ার কথা জানিয়েছিলেন তাঁর ভাই। শনিবার রিসোর্টে আগুন লাগার খবর পেয়ে নাহিদুরের মোবাইল ফোনে একাধিকবার কল করেন। কিন্তু তাঁর ভাই কিংবা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে শনিবার সন্ধ্যায় নিজেই কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

তিনি বলেন, ‘আমরা দুই ভাই। মা নেই। অসুস্থ বাবা আমাদের সঙ্গে গ্রামে থাকেন। বাবা এখনো নাহিদুরের খবর জানেন না। তারা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও নিশ্চিত হতে পারিনি। আমরা খুব উদ্বেগের মধ্যে আছি।’

নাহিদুর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন।

নাহিদুর ও তাঁর পরিবারের বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান শনিবার রাতে বলেন, নাহিদুর নিখোঁজ রয়েছেন বলে তাঁরা জেনেছেন। ছয়জন নিখোঁজ ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এদিকে নাহিদুর ও তাঁর পরিবারের সদস্যদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর মনিরামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি প্রকাশ করে উদ্বেগ ও সমবেদনা জানাচ্ছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেক এলাকায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা কঠিন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×