দিনব্যাপী বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মৌলভীবাজারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা সমকাল
মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারে দিনব্যাপী বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উৎসবে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বই উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটেগরিতে মোট ১২৮ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নিয়মিত এসব আয়োজনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে সচেতন হতে হবে সবাইকে। সমাজ থেকে মাদক ও কিশোর অপরাধের প্রবণতা দূর করতে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দিতে হবে। নিজেদের প্রকাশের ক্ষেত্র দিতে হবে। আগামীতে এই শিশুরা দেশকে নেতৃত্ব দেবে। তাই আজকের শিশুদের পরিচর্চা মানে আগামীর বাংলাদেশের
জন্য নিরাপদ নেতৃত্ব গড়ে তোলা। এ কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।
- বিষয় :
- প্রতিযোগিতা