রংপুরে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৫:০০
রংপুরের মিঠাপুকুরে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় আমিনুল ইসলাম আকাশ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ভাংনী ইউনিয়নের পূর্বপাড়া মাঠেরহাটের যুগীপাড়া এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আকাশ উপজেলার ভাংনী ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে। সে স্থানীয় বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আকাশ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান পাননি। সকালে স্থানীয়রা এলাকায় রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তার ধারে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। তার গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- শিক্ষার্থী
- মিঠাপুকুর