অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে টুপটুপ রিসোর্টে তদন্ত কমিটি
তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছবি: সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৫:২১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৫:২৪
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার সকাল ১১টার দিকে সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে কমিটির সদস্যরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান সাংবাদিকদের বলেন, আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অনুমোদন ছিল না। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এবং অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার বিষয়ে তদন্ত কমিটির সদস্যরা তথ্য সংগ্রহ করছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে এর আগে চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি। তদন্ত শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটির অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা সম্ভব হবে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কোন মরদেহটি কার, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান (৩০) ও মিলিতা মেহেজাবিন (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। বাকি চারজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও একজন পুরুষ।
শনিবার সকালে কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ পর্যটকের মৃত্যু হয় এবং আরও ছয়জন দগ্ধ হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হয়। অন্য দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগুনে নিহত ১০ জনের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হবে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা সম্ভব হবে।
- বিষয় :
- তদন্ত কমিটি
- পরিদর্শন
- রিসোর্ট
- কক্সবাজার
- অগ্নিকাণ্ড