ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৫:৩২
ভোলায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনায় আসিফ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে গণপিটুনিতে আহত আসিফকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
আহত বিএনপি নেতা মো. হোসেন ম্যানেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান আসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আসিফ ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. ধলু হাওলাদার ও হালিমা বেগম দম্পতির ছেলে। আহত হোসেন ম্যানেজার রাজাপুরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে শনিবার রাতে রাজাপুরের আনন্দবাজার এলাকায় বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহত নেতার স্বজনেরা অভিযুক্ত আসিফকে ধরে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনও এতে যোগ দেন। গণপিটুনিতে গুরুতর আহত আসিফকে পুলিশ উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে আসিফ একজনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। পরে আহত ব্যক্তির স্বজনেরা তাকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনও এতে অংশ নেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে আহত
- গণপিটুনি
- হত্যা
- অভিযোগ
- ভোলা