কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না: ওসিকে চিফ হুইপ
ফাইল ছবি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২৩:১০
কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না– বরগুনার বেতাগী থানার ওসিকে এমন নির্দেশনা দিয়েছেন সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। রোববার দুপুরে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, ‘চাঁদাবাজি আর দখলবাজদের বেতাগীতে কোনো জায়গা নেই। ওসি সাহেব, আপনাকে আমি এখানে বললাম– চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, আপনি আমাকে বলবেন।’
ওসির উদ্দেশে তিনি আরও বলেন, ‘মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি, দখলবাজ ও কিশোর গ্যাং যদি নির্মূল করতে পারেন, তা হলে আপনি থাকবেন, না হয় থাকবেন না।’
চিফ হুইপ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম দায়িত্ব। সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেতাগী থানার ওসি মো. হারুন অর-রশীদসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চিফ হুইপ