চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাওয়ার ট্রলি, ব্যবসায়ী নিহত
ছবি: সমকাল
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৪:১৫
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুভর্তি পাওয়ার ট্রলি খাদে পড়ে হেলাল উদ্দীন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া ট্রলিতে থাকা দুটি গরু মারা গেছে।
সোমবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর মুন্নামোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। তাদের বাড়িও একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে পাওয়ার ট্রলিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন হেলাল ও শিপন। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল নিহত হন। আহত হন চালক তারা চাঁদ ও শিপন আলী। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চালক তারা চাঁদ বলেন, ১১টি গরু নিয়ে আমরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হয়। সোমবার ভোররাতে আমার চোখে ঘুম চলে এলে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- ব্যবসায়ী
- নিহত
- চুয়াডাঙ্গা