বিভিন্ন সরকারি সেবা থেকে সুবিধাবঞ্চিত কেউ বাদ পড়বে না: পরিবেশ প্রতিমন্ত্রী
মোংলার শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি- সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:০১
সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সেবার আওতা থেকে কোনো সুবিধাবঞ্চিত মানুষ বাদ পড়বেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার সমান। ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার বেলা সাড়ে ১১টায় মোংলার কানাইনগর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বসবাস করছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দেশকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।’
জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান সাম্য, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সব ধর্মের মূল শিক্ষা হলো শান্তি, ঐক্যবদ্ধভাবে চলা ও মানুষের প্রতি সহমর্মিতা দেখানো। কিন্তু মানুষ ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। অনেকে নিজের পরিবারের বাইরের মানুষের কথা ভাবতে চান না। এ মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে।
উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলের মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। উপকূলের মানুষের সমস্যা সমাধান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আব্দুল হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।