ওমানে বাংলাদেশির মৃত্যু
মনিরুজ্জামান বিপ্লব
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:১১
পরিবারের সচ্ছলতার আশায় চার বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরের মনিরুজ্জামান বিপ্লব (৪৮)। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি কররতেন তিনি। নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। তবে পরিবারের মুখে হাসি ফোটানোর সেই লড়াই থেমে গেল হৃদরোগে। আজ সোমবার সকাল ৯টার দিকে ওমানের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
বিপ্লব হোসেনপুর পৌরসভার জামাইল এলাকার প্রয়াত নূরুল ইসলামের ছেলে। দেশে তাঁর মা, স্ত্রী সোমা আক্তার, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিপ্লবের ফুপাতো ভাই কাউসার টিটু জানান, রোববার রাতে স্ত্রীকে ফোন করে বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার কথা জানিয়েছিলেন বিপ্লব। পরে তাঁকে ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। এক সহকর্মীর ফোনে মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
তিনি আরও বলেন, খবর পেয়ে তিনি কিশোরগঞ্জ শহর থেকে বিপ্লবের বাড়িতে ছুটে যান। তবে শোকাহত পরিবারের সদস্যদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। দ্রুত বিপ্লবের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।