ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুনিও হোসি হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

কুনিও হোসি হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার
×
×

রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:০২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:২০

রংপুরের আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। রোববার ভোরে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জাপানের নাগরিক কুনিও হোসি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

গ্রেপ্তার মেরিল সুমন রংপুর নগরের শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা একটি, হত্যাচেষ্টা ও মারামারির আটটি, চাঁদাবাজির চারটি, ডাকাতির প্রস্তুতির তিনটি, অস্ত্রের ছয়টি, অপহরণের একটি, সন্ত্রাসবিরোধী আইনে একটি, মাদকের একটি এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ মেরিল সুমনকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব-৫। ২০১৯ সালে রংপুর নগরের তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব-১৩।

২০২৩ সালে নগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ গ্রেপ্তারের পর মেরিল সুমনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন

×