ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় মাইকিং

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় মাইকিং
×
×

বাঘের পায়ের ছাপ। ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:০১

বাগেরহাটের শরণখোলার একটি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভিটিআরটি সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীকে সাবধানে থাকতে মাইকিং করা হয়। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। 

তিনি আরও জানান, নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। রাতে ভোলা নদী সাতরে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×