রূপগঞ্জ
আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রিপন মিয়া
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:৪৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার এবং ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধের জেরে রিপন মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তিনি কাঠের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজীর বিরোধ চলছিল। এর মধ্যে গত ৬ ও ৭ অক্টোবর পাইসকা এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক কমিটিতে রিপন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তবে রিফাত কাজী ও তাঁর সমর্থকদের নাম না থাকায় তাঁরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন নিহতের ছেলে শাওন মিয়া।
শাওন মিয়ার অভিযোগ, ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিরোধের পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাঁর বাবার সঙ্গে রিফাত কাজী ও তাঁর সমর্থকদের বিরোধ ছিল। এসব বিরোধের জের ধরেই তাঁর বাবাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রোববার রাত ১১টার দিকে রিপন মিয়া ও রিফাত কাজীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রিফাত কাজীর নেতৃত্বে ৫০–৬০ জন লোক রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রিপন মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় রিপন মিয়াকে কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে রিফাত কাজীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- কুপিয়ে হত্যা
- যুবদল নেতা