২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ
চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পোর্ট কানেক্টিং সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলায় নতুন মোড় এসেছে। জাল আমমোক্তারনামা তৈরি করে কার্যাদেশ নেওয়া, ব্যাংকে ভুয়া হিসাব খোলা এবং প্রকল্পের বিলের অর্থ অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার অভিযোগে চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক কুমিল্লা শাখাপ্রধান মোহাম্মদ সারোয়ার আলম এবং এনআরবি ব্যাংকের একই শাখার সাবেক প্রধান মোহাম্মদ তোফায়েল। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মোকাররম হোসাইন জানান, মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। মামলার প্রধান আসামি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পোর্ট কানেক্টিং সড়কের অলংকার থেকে নিমতলা পর্যন্ত একটি অংশ সংস্কারের কার্যাদেশ পেয়েছিল মেসার্স রানা বিল্ডার্স অ্যান্ড সালেহ আহমেদ (জেভি)।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি করেন জাকির হোসেন। ওই দলিলের ভিত্তিতে নিজেকে রানা বিল্ডার্সের প্রতিনিধি পরিচয় দিয়ে তিনি চসিকের কার্যাদেশ নেন। এরপর ইউসিবির কুমিল্লা শাখায় রানা বিল্ডার্সের নামে একটি চলতি হিসাব খোলা হয়।
তদন্তে বলা হয়েছে, ওই হিসাব থেকে ২০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৮১৯ টাকা। শর্ত ছিল, চসিকের কাছ থেকে কাজের বিল বাবদ পাওয়া অর্থ দিয়ে ঋণ সমন্বয় করা হবে। পরে এনআরবি ব্যাংকের কুমিল্লা শাখায় আরেকটি হিসাব খোলা হয়।
চসিকের নথি অনুযায়ী, কাজের বিলের টাকা ইউসিবির কুমিল্লা শাখায় পাঠানোর কথা ছিল। কিন্তু তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন নিয়মবহির্ভূতভাবে এনআরবি ব্যাংকের অনুকূলে ছয়টি চেক ইস্যু করেন। এসব চেকের মাধ্যমে অর্থ তুলে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।
- বিষয় :
- চসিক
- কারাগার
- অর্থ আত্মসাৎ