স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: এমপি ফয়সল
ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০২:২০
স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য তারা আন্তরিকভাবে কাজ করছেন।
সোমবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এদিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। এর ফলে সনাতন ধর্মাবলম্বীরা আরও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, যেন আমরা সবার পাশে থেকে কাজ করি। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে আমরা আন্তরিক।
সংসদ সদস্য বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।