নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে আহতদের ১৪ জন রামেক হাসপাতালে
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১১:৪১
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়ার জুলফিকার (৪১), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের শামীম (১৮), রাজশাহীর কাজলার ফজলুর (৬০), সিয়াম (১৭), ডালিম (৩০), নওগাঁর সাপাহারের নুর (৩২), বরিশালের বাবুগঞ্জের শাহিদুল (৬৫), মো. মুস্তাকিন (৩১), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তামিম (১৭), ঝিনাইদহের জুয়েল কিবরিয়া (৪০), তৌহিদ (৪০), রাজশাহীর গোদাগাড়ীর মজনু (৪০), চাঁপাইনবাবগঞ্জের নয়ন (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের ছবি (৩০)।
মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- আহত
- হাসপাতালে ভর্তি