ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দলীয় পদ দেওয়ার কথা বলে লাখ টাকা ও ছাগল নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দলীয় পদ দেওয়ার কথা বলে লাখ টাকা ও ছাগল নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
×
×

ফাইল ছবি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২০:৫৬

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা ও তিনটি খাসি ছাগল নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার সঙ্গে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লার কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রমিজ উদ্দিন লন্ডনী।

বিষয়টি নিয়ে গতকাল সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোসলেম মোল্লা। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তাঁকে তিনটি খাসি ছাগলও উপহার দেওয়া হয়েছে।

মোসলেম মোল্লার ভাষ্য, পদ দিতে বিলম্ব হওয়ায় এবং বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকায় তিনি এখন আর দলীয় কমিটিতে কোনো পদ চান না। এ কারণে দেওয়া টাকা ফেরত চেয়েছেন তিনি। অভিযোগের পক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন মোসলেম। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মোসলেম মোল্লাকে এক লাখ টাকা ফেরত চাইতে শোনা যায়। সেখানে তিনি বলেন, দলীয় কমিটিতে পদ পাওয়ার আশায় ৮০ হাজার ও ২০ হাজার টাকা মিলিয়ে এক লাখ টাকা দিয়েছিলেন। এখন আর পদ নিতে চান না বলে টাকাগুলো ফেরত চান তিনি।

জবাবে রমিজ উদ্দিন লন্ডনীকে অপেক্ষা করতে বলতে শোনা যায়। কমিটি গঠন করা হলে মোসলেম মোল্লার নাম থাকবে বলেও কথোপকথনে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করে যেতে বলেন।

অডিওটির বিষয়ে মোসলেম মোল্লা সমকালকে বলেন, ‘রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে কল রেকর্ডটি সঠিক। পদ নেওয়ার জন্য টাকা দেওয়া অন্যায়, তা আমি জানি। কিন্তু টাকা ছাড়া পদ পাওয়া যায় না। আমার কাছে প্রমাণ আছে। তিনি পদ দেওয়ার কথা বলে বিলম্ব করছেন, আমি বিদেশে চলে যাব, তাই টাকা ফেরত চেয়েছি এবং দলীয় সবাইকে জানিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় ও সামাজিকভাবে তাঁকে হেয় করার উদ্দেশ্যে একটি পক্ষ এ ধরনের অভিযোগ তুলেছে। ছড়িয়ে পড়া অডিও রেকর্ড সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

এর আগে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এ ছাড়া ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×