খুলনায় নারীকে দলবদ্ধ ধর্ষণ, আটক তিন
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২১:৩৬
খুলনার তেরখাদা উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলো– সামিউল শেখ (২৮), মাজাহারুল কাজী (২২) ও শাজাহান শরীফ (৩৮)। তাদের সবার বাড়ি মধুপুর ইউনিয়নে।
ভুক্তভোগীর বরাত দিয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী পাশের উপজেলা দিঘলিয়ায় যাওয়ার উদ্দেশে তেরখাদার মধুপুর ইউনিয়নের মধুপুর বেলেঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তারা ভুক্তভোগী নারীকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নদীর কয়েকশ গজ দূরে মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে যান। সেখানে তারা ওই নারীকে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- খুলনা
- দলবদ্ধ ধর্ষণ
- গ্রেপ্তার