ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনে বিরোধী দল না এলেও জটিলতা বাড়বে না: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দল না এলেও জটিলতা বাড়বে না: আইনমন্ত্রী
×
×

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২২:৩১

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটির কার্যক্রমে বিরোধী দল না এলেও কোনো জটিলতা বাড়বে না। সংবিধান সংশোধন প্রক্রিয়া সংসদে যখন উঠবে, সেই সময় তারা (বিরোধী দল) সংসদে থাকবে। এ কারণে সংবিধান সংশোধন নিয়ে কোনো জটিলতা বাড়বে না।

মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

প্রবাসে বাংলাদেশি বন্দিদের খোঁজখবর নিতে হাইকমিশন ও দূতাবাসের কোনো অবহেলা আছে কিনা– এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যদি কোনো কর্মকর্তার বিষয়ে এ ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সেটি তদন্ত করে  সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক না। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলো প্রবাসীদের জন্য নিবীড়ভাবে কাজ করে যাচ্ছে।

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে আমাদের দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে, কাগজপত্র না দেখে সে ব্যাপারে মন্তব্য করা সমীচীন হবে না। 

এর আগে সকালে শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পেছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটা ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মোনাফেকি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।

আরও পড়ুন

×