তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, দুই নারী আটক
প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:২৫
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দ্বিতীয় শ্রেণির তিন ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে জান্নাত আক্তার ও গুলবাহার নামে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন, অভিযুক্ত দুই নারীকে আগের দিন স্কুলের আশপাশে ঘুরতে দেখেছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত জান্নাত আক্তার ও গুলবাহার বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে এক শিক্ষার্থীর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন জান্নাত। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং দুই নারীকে আটক করে পুলিশে দেন।
আটক জান্নাত আক্তার জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। গুলবাহার সিরাজদীখান উপজেলার ইছাপড়া ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, দুই নারী টাকার লোভ দেখিয়ে এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটি দেখে দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করি। পরে এলাকাবাসীকে নিয়ে ওই নারীদের আটক করে পুলিশে দেই।
পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা (শিক্ষক) নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। এরকম ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- স্কুলছাত্রী
- অপহরণ
- আটক