শুনানিতে অসংলগ্ন আচরণ
সেই আইনজীবীর সদস্যপদ স্থগিত, মামলা পরিচালনায় দুই বছরের নিষেধাজ্ঞা
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:৩৮
চট্টগ্রাম আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের সদস্যপদ স্থগিত করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে আগামী দুই বছর চট্টগ্রামের কোনো আদালতে মামলা পরিচালনায় তাঁর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালতে শুনানির সময় অসংলগ্ন আচরণের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির কাছে অভিযুক্ত আইনজীবী নিজের বক্তব্য দিয়েছেন। তবে তা সন্তোষজনক না হওয়ায় তাঁকে দুই বছরের জন্য পেশাগত কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সমিতির সিদ্ধান্ত আদালতকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক। তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না।
জবাবে শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। পাশাপাশি আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান। আদালত বলেন, জামিন শুনানিতে আসামির আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।
পরে বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। আদালতের আদেশে বলা হয়, শুনানির সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং বলেন, ‘আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।’
আদেশে বিচারক আরও উল্লেখ করেন, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তির কথা জানালেও শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল এবং তাঁর পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই শাহেদুল হকের বিরুদ্ধে পেশাগত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।