ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

‘মনের কষ্ট প্রকাশ করে’ জেল খেটে এলেন তিনি

‘মনের কষ্ট প্রকাশ করে’ জেল খেটে এলেন তিনি
×
×

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে লাইভে ক্ষোভ প্রকাশের পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গ্রেপ্তার নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন। গতকাল বুধবার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান জানান, গতকাল সকালে সাথীকে আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক সাজিদুল ইসলাম তাঁর নিজ জিম্মায় ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। পরে তাঁকে মুক্তির ছাড়পত্র দেওয়া হয়।
মোস্তাছিনুর রহমান জানান, এ মামলার পরবর্তী তারিখ ৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তারের পর পুলিশ যে প্রতিবেদন দাখিল করবে, তা পাওয়ার পর আদালত পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।
সাথী আক্তারের আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনার পর পুলিশের উচিত ছিল যারা মব সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু পুলিশ উল্টো ওই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর দুপুরে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ‘সাথী মেকওভার’ নামে ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। পাঁচ মিনিটের ওই ভিডিওর এক পর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথীকে হেফাজতে নেয়।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, সরকারবিরোধী বক্তব্যের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×