৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১১:১৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১১:৪১
মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তাঁর বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।
বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- কুপিয়ে হত্যা