টাঙ্গাইলে নীলসাগর ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ
নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ছবি: সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৩:৪৭
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে ওই দুটি বগি রেখেই ট্রেনটি গন্তব্যের দিকে চলে যায়। দুর্ঘটনাকবলিত বগি দুটির যাত্রীরা অন্য বগিতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
সিগন্যাল ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশের লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় মির্জাপুরসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।