ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
×
×

ছবি- সমকাল

ঠাকুরগাঁও ও পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:১৭

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।

এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসনটিতে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন কয়েকজন ভোটার।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তাঁদের মধ্যে উৎসাহও দেখা যাচ্ছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন কিছু অভিযোগ তুলে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। প্রিজাইডি অফিসাররা ছবি ছাড়াই আইডি কার্ড ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। একাধিক অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন এই প্রার্থী।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। অন্যদিকে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি। এ ছাড়া আরও তিনটি দলের প্রার্থী রয়েছেন।

নির্বাচন ঘিরে জেলা নির্বাচন অফিস প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরাও মোতায়েন রয়েছেন।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উপনির্বাচন ঘিরে শহর ও গ্রামাঞ্চলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীদের প্রচার-প্রচারণা ছিল চোখে পড়ার মতো। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষা।

আরও পড়ুন

×