ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চার দিন খুঁজেও মেলেনি চিতাবাঘের সন্ধান, ঢাকায় ফিরল বিশেষজ্ঞ দল

চার দিন খুঁজেও মেলেনি চিতাবাঘের সন্ধান, ঢাকায় ফিরল বিশেষজ্ঞ দল
×
×

ছবি: সংগৃহীত

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৯:৫৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে তিনজনকে আহত করা সেই চিতাবাঘটির কোনো সন্ধান না পেয়ে চার দিন পর ঢাকা ফিরল বন বিভাগের বিশেষ উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দল।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাঘের অবস্থান না পেয়ে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে দলটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

টানা চার দিনের এই দীর্ঘ উদ্ধার অভিযান কোনো ফল ছাড়াই শেষ হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চিতাবাঘের আতঙ্ক এখনও বিরাজ করছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় পালিত ছাগল খুঁজতে গিয়ে চিতাবাঘের আক্রমণের শিকার হন শরিফা বেগম নামে এক নারী। তার চিৎকারে স্থানীয় নজরুল ও আফসার নামে দুই ব্যক্তি বাঁচাতে এগিয়ে এলে বাঘটি তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই বিজিবি এলাকা ঘিরে ফেলে। সেদিন রাতে প্রযুক্তির সহায়তায় ড্রোন ওড়ানো হলে ধানক্ষেতে বাঘের বিচরণের স্পষ্ট দৃশ্য ধরা পড়ে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি অচল হয়ে পড়লে রাতের আঁধারে অনুসন্ধান কাজ স্থবির হয়ে পড়ে।

পরদিন সোমবার বন বিভাগের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল হাতীবান্ধায় পৌঁছে আধুনিক সরঞ্জাম নিয়ে আমঝোল সীমান্তের ধানক্ষেত, ঝোপঝাড় ও সম্ভাব্য বিচরণস্থলে ব্যাপক তল্লাশি শুরু করে। টানা চার দিন চিরুনি অভিযান চালিয়েও চিতাবাঘটির আর কোনো সন্ধান বা পায়ের ছাপ মেলেনি।

হাতীবান্ধা উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল করিম জানান, বিশেষজ্ঞ দল নির্ধারিত অনুসন্ধান কার্যক্রম শেষে ঢাকায় ফিরে গেছেন। তবে বাঘটি যেহেতু বন্য প্রাণী, তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকার লোকজনকে সাবধানে চলাচল ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র বলেন, ‘বিশেষজ্ঞ দলটি সরেজমিন পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা করেছে। বাঘটি হয়তো সীমান্ত পেরিয়ে পুনরায় ভারতের বনাঞ্চলে চলে গেছে। যেহেতু নতুন করে কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই আপাতত অভিযান শেষ করা হয়েছে। তবে সীমান্তবর্তী অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাঘ বা কোনো বন্য প্রাণীর সন্ধান পাওয়া মাত্রই প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।’

আরও পড়ুন

×