যুবলীগের মিছিল
যমুনা সেতু পশ্চিম থানার ওসি প্রত্যাহার, আগে সরানো হয় ৪ পুলিশ সদস্যকে
যমুনা সেতু পশ্চিম থানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২৩:০০
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে এ–সংক্রান্ত আদেশ দেওয়া হয়। এর আগে একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটিতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরও জানান, যমুনা সেতু পশ্চিম থানার নতুন ওসি হিসেবে এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ জাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এনায়েতপুর থানার নতুন ওসি হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আসা পরিদর্শক মোহাইমিনুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের একটি ভ্যান দেখা গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু রাজশাহীর সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) একটি অনুষ্ঠানে যোগদান শেষে বৃহস্পতিবার ফিরে ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহারের আদেশ দেন।
এর আগে বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় পুলিশের গাড়ির সামনে দিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বুধবার রাতে পুলিশ সুপারের নির্দেশে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম, কনস্টেবল মো. নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম এবং পিকআপচালক আব্দুল গফুর।
বৃহস্পতিবার সকালে যমুনা সেতু পশ্চিম থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সাহা চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার রাতে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ জানিয়েছিলেন, ঘটনাটি তদন্ত করে টহল পুলিশ বা সংশ্লিষ্ট থানার কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- যুবলীগ
- বিক্ষোভ মিছিল
- ওসি প্রত্যাহার