ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইন্টার্ন চিকিৎসকদের হামলা দুই সাংবাদিক আহত

ইন্টার্ন চিকিৎসকদের হামলা দুই সাংবাদিক আহত
×
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৯:০২

| প্রিন্ট সংস্করণ

রোগীর স্বজনদের মারামারির ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। গত বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবাদে রাতেই চৌহাট্টা পয়েন্টেে কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। অন্যদিকে, ঘটনার পর চিকিৎসাসেবা বন্ধ করে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

আহত দুই সাংবাদিক হলেন রেজা রুবেল এবং নিবেন্দু তালুকদার। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রেজা রুবেল বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ওসমানী হাসপাতালের একটি ওয়ার্ডে রোগীর স্বজনদের মারধরের ঘটনা ঘটে। পরে অপারেশন থিয়েটারের সামনে আরেক দফা রোগীর স্বজনদের মারধর করা হয়। এ ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চাইলেও প্রথমে তাদের ভর্তি করা হয়নি। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বৈঠক করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। হাসপাতালের উপপরিচালক চিকিৎসক বদরুল আমিন সমকালকে বলেন, ‘রাতেই ঘটনা শেষ হয়েছে। আর সাংবাদিকদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটি নিয়েও আমরা বসব।’ 
 

আরও পড়ুন

×