ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিশ্বে সার্বভৌমত্বের ধারণা অনেকটাই চ্যালেঞ্জের মুখে: প্রধান বিচারপতি

বিশ্বে সার্বভৌমত্বের ধারণা অনেকটাই চ্যালেঞ্জের মুখে: প্রধান বিচারপতি
×
×

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৬:৪৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ১৬:৫১

‘বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের ধারণা আজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যা এখন আর একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু স্বাধীনভাবে চলা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়াও এর অংশ।’ এ কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগের ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জোর যার মুল্লুক তার’ নীতি বিশ্বজুড়ে বাস্তবে পরিণত হচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন,  বিশ্বে ‘জোর যার মুল্লুক তার’ নীতি দিন দিন বাস্তবে পরিণত হচ্ছে। পৃথিবীর দিকে তাকালেই আমরা এর উদাহরণ দেখতে পাই। শালীনতার খাতিরে আমি নির্দিষ্ট কোনো দেশের নাম বলতে চাই না। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা ও মানবাধিকার।’

বর্তমান সময়ে সহজে বিসর্জন দেওয়ার প্রধান পণ্য মানুষের জীবন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেয়া যায় এমন পণ্য বা সম্পদ হলো মানুষের জীবন। আমি আমার এই মতের ওপর অটল। এর অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা কি এমন একটি দিনের কথা বলতে পারি, যেদিন কোনো একটি দেশ, এমনকি কোনো একটি শহরেও একজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেনি? এমন কোনো দিনের কথা কি আপনার মনে পড়ে? আমার তো পড়ে না।’

অধিকারকে নানা শ্রেণিতে বিভিক্ত করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘বাঘের অধিকার, কচ্ছপের অধিকার, এমনকি শিশুদের অধিকার, শ্রমের অধিকার, শ্রমিকদের অধিকার- এভাবে আমরা অধিকারের নানা শ্রেণিবিভাগ করে থাকি। কিন্তু মানবাধিকার তো মানবাধিকারই। আমরা অধিকারের নানা বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই যেন ভুলে গেছি।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ধারণাগুলো একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অসমতা এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ তৈরি করেছে।’

এই চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিভাগীয় সম্পর্কের বিষয়টি জোরদার করে উপাচার্য বলেন, ‘চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে এবং কার্যকর আইনী ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে একাডেমিক আলোচনা ও আন্তঃবিভাগীয় গবেষণা একান্ত প্রয়োজন।’ 

সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এর পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ‘সশস্ত্র সংঘাত, বিশ্বায়ন, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যায়বিচার, শান্তি, জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘সার্বভৌমত্ব, মানবতা ও আইন নিয়ে আলোচনার জন্য আমরা যখন এখানে সমবেত হয়েছি, তখন আমাদের জাতির যাত্রাপথের দিকে ফিরে তাকানো প্রয়োজন।’ 

দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রফেসর বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্লিনারি সেশন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের প্রফেসর ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের প্রফেসর দাতিন মেরি জর্জ। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর নকীব মু. নসরুল্লাহ ও রাবি আইন বিভাগের প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ। 

দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪টি একাডেমিক সেশনে ১২৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
 

আরও পড়ুন

×