ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যুক্তি-তর্কে মুখর এফডিএফের জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী

যুক্তি-তর্কে মুখর এফডিএফের জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী
×
×

হাসানউজ্জামান, ফরিদপুর

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২০:৪৫

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিতার্কিকদের যুক্তি, পাল্টা যুক্তি আর প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে ফরিদপুর। ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) আয়োজনে ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর দ্বিতীয় দিনের আয়োজন সম্পন্ন হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিতার্কিক ও অতিথিরা।

দ্বিতীয় দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩২টি স্কুল ও কলেজের বিতার্কিক দল। পাশাপাশি ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১৬টি ওপেন এশিয়ান পার্লামেন্টারি (এপি) বিতর্ক দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় যুক্তি, জ্ঞান ও মননচর্চার মিলনমেলায়।

আগামীকাল শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। সমাপনী পর্বে ফাইনাল বিতর্ক, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আয়োজন।

দুই দশক আগে ফরিদপুরে যাত্রা শুরু করা ফরিদপুর ডিবেট ফোরাম দীর্ঘদিন ধরে বিতর্ক ও সাংস্কৃতিক চর্চার প্রসারে কাজ করছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বিতর্কচর্চার একটি পরিচিত পরিসর তৈরি করেছে। বিভিন্ন প্রজন্মের বিতার্কিক, সংগঠক, বিচারক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এবারের চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব।

এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লিকবি জসীমউদ্‌দীনের প্রতি। এর মধ্য দিয়ে ফরিদপুরের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাদের মতে, পল্লিকবির সাহিত্যকর্মে গ্রামীণ জনপদ, সাধারণ মানুষের জীবন ও মানবিক অনুভূতির যে গভীর প্রকাশ ঘটেছে, তা এ অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবটি স্থানীয় শেকড়ের সঙ্গে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সেতুবন্ধ তৈরির প্রয়াস চালাচ্ছে।

আয়োজকেরা জানান, এই উৎসব শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মিলনমেলা। এখানে যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। দুই দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

২৯ থেকে ৩১ অক্টোবর তিন দিনব্যাপী কবি জসীমউদ্‌দীন হলে অনুষ্ঠিত হচ্ছে এফডিএফের চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি প্রদর্শনী বিতর্ক, প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে এতে।

যুক্তিবাদী, মননশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ২০০৬ সাল থেকে কাজ করছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)।

আরও পড়ুন

×