এইচএসসিতে সাতক্ষীরার ২ কলেজে পাস করেননি কেউ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:০৭
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে পাস করতে পারেননি কোনো শিক্ষার্থী। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। আজ শনিবার সকালে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত এক ফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। অকৃতকার্যকর কলেজগুলো হল সাতক্ষীরার সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ ও শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ।
বোর্ডের ফলাফল ও জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আলমগীর কবিরের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালে জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন দুই হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৮৭৯ জন। বোর্ডের ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হননি। অন্যদিকে, শ্যামগরের এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের কেউ উত্তীর্ণ হতে পারেননি।
- বিষয় :
- সাতক্ষীরা