প্রেমের টানে চীন তরুণ ফরিদপুরে, কলেজছাত্রীকে বিয়ে
ওয়াং চাও এবং তাহমিনা আক্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২৩:২২
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। দুই বছরের সেই প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ফরিদপুরের এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন ২৫ বছর বয়সী এক তরুণ। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আরিফ ইসলাম। চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় কলেজছাত্রীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। নবদম্পতিকে একনজর দেখতে ওই ছাত্রীর বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।
ওই তরুণের আগের নাম ওয়াং চাও (২৫)। বর্তমানে তার নাম আরিফ ইসলাম। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২০) ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে।
তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াং চাওয়ের সঙ্গে পরিচয় হয় তাহমিনার। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমদিকে এ সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না তাহমিনার পরিবার। তবে তাহমিনার অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিয়েতে সম্মতি দেয় পরিবার। গত ১৯ অক্টোবর ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের আগে অ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়াং চাও। একই সঙ্গে নিজের নাম পরিবর্তন করে রাখেন আরিফ ইসলাম।
বিয়ের পর গত সোমবার (২৬ অক্টোবর) রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি সালথার নকুলহাটি গ্রামে আসেন আরিফ। চীনা জামাইয়ের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে তাহমিনাদের বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তাঁরা সেখান থেকে চলে যান।
তাহমিনার পরিবার জানিয়েছে, আরিফের বিষয়ে বিস্তারিত তথ্য তাদের জানা নেই। বর্তমানে তাহমিনার প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁরা দুজনই চীনে চলে যাবেন।
এ বিষয়ে আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, ‘লোকমুখে আজই বিষয়টি জানতে পেরেছি। আমি ওই বাড়িতে যাচ্ছি। পরে আপনাকে বিস্তারিত জানাব।’