সাতক্ষীরায় লংমার্চের বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১০
প্রতীকী ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২৩:৪০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে জামায়াতে ইসলামীর লংমার্চের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আপ্তাব মোড়লের ছেলে।
আহতদের মধ্যে সদর উপজেলার ঘোনা এলাকার মোকলেসুর রহমান (৩৫), রুহুল আমিন (৩২), মো. সম্রাট, মো. কামাল, সাইফুল্লাহ, আবু তাহের ও কামরুল হাসান রয়েছেন। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী লংমার্চের একটি যাত্রীবাহী বাস কুমিরা চারা বটতলা এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি খাদে পড়ে যায় এবং বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ বাসের ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- লংমার্চ
- সড়ক দুর্ঘটনা
- নিহত