ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রেমে ব্যর্থ যুবক গড়ে তুললেন নিষিদ্ধ বড়ি তৈরির কারখানা

প্রেমে ব্যর্থ যুবক গড়ে তুললেন নিষিদ্ধ বড়ি তৈরির কারখানা
×
×

নাজমুল ইসলাম বাপ্পি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০২:৪০

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে পাগাড় আলেকটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল, সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানাটির মালিক নাজমুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন গ্রেপ্তার যুবক। এক পর্যায়ে নিজেই মাদক তৈরির কারখানা গড়ে তোলেন। সেখানে বসে অনলাইনে ঘাঁটাঘাঁটি ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করেন। তবে এখনও উৎপাদন কার্যক্রম সম্পন্ন হয়নি বলে জানিয়েছে পুলিশ। নাজমুল পাগাড় এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে।

অভিযানের সময় নাজমুল ইসলাম বাপ্পি পুলিশকে জানান, তিনি ছয় মাস ধরে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে এখনও ইয়াবা উৎপাদন শুরু হয়নি এবং পরীক্ষার কাজও সম্পন্ন হয়নি। তিনি আরও জানান, অনলাইনে দেখে তিনি এ বিষয়ে শিখছেন বলে জানান।

জানা গেছে, নাজমুল ইসলাম কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর মাদকাসক্ত হয়ে পড়েন। এখানে তিনি এবং তাঁর বৃদ্ধা মা থাকতেন।

নাজমুল ইসলাম বাপ্পির দাবি, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এর পরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।

পুলিশ জানায়, বাড়ির তৃতীয় তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত থাকার তথ্য পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান মজুত করেছিল। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষ রয়েছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে যাওয়া যায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে ইয়াবা তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি রয়েছে। অনলাইনে তথ্য সংগ্রহ করে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে। নাজমুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন

×